বিপা চৌধুরী প্রতিবেদক, বিডিঅনলাইন ম্যাগাজিন,Published. Tue.Jun, 9,.2026.,
2,, .15, AM
শাকিব খানের সঙ্গে রকস্টার সিনেমায় অভিনয় করে নতুন করে আলোচনায় এসেছেন মডেল অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। পবিত্র ঈদুল আযহার মুক্তি পাওয়া ছবিটিতে তার উপস্থিতি ছিল অল্প সময়ের জন্য । কিন্তু সেই উপস্থিতি দর্শকের নজর কেড়েছে। প্রশংসা এবং ভালোবাসার পাশাপাশি অন্য এক অভিজ্ঞতার কথাও জানালেন এই তারকা। তার মতে, আলোচনায় আসার পর কাছের কিছু মানুষের আচরণে পরিবর্তন দেখছেন তিনি।
সম্প্রতি নিজের ফেসবুক পেজে কুদৃষ্টি বা ইভিল আই নিয়ে একটি পোস্ট দেন মিথিলা। সেখানে তিনি লেখেন, কুদৃষ্টি সব সময় অপরিচিত মানুষের কাছ থেকে আসে না । অনেক সময় তা আসে সেই মানুষগুলোর কাছ থেকেই, যারা আপনার সঙ্গে একই টেবিলে বসে, আপনার সামনে হাসিমুখে কথা বলে, অথচ আপনার সাফল্যে অন্তরে অন্য অনুভূতি লালন করে।
ফেসবুক পোস্টে মিথিলা আরো লেখেন , তারা আপনার জীবনের খবর নেয় সব সময় আপনাকে অভিনন্দন জানাতে নয়, বরং আপনাকে মাপতে। তারা মুখে ‘মাশাআল্লাহ’ বলে , কিন্তু মন থেকে নয়। আল্লাহ আপনাকে যা দিয়েছেন, তা রক্ষা করার একটি উপায় হল সবকিছু সবার সামনে প্রকাশ না করা। কিছু বিষয় নিরবে নিজের কাছেই রাখা।
সম্পর্ক ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়ে মিথিলা লেখেন, কুদৃষ্টি সত্য। তাই আপনার নিজেকে সুরক্ষিত রাখুন, আপনার সম্পর্ককে সুরক্ষিত রাখুন, আর আপনার পরবর্তী পরিকল্পনাকে ও সুরক্ষিত রাখুন। মনে রাখবেন, আপনার স্বপ্নের কথা জানে – এমন সবাই আপনার স্বপ্ন পূরণের জন্য দোয়া করেনা।
তবে এই পোস্টের পেছনের কারণ কি? সেই ব্যাখাও দিয়েছেন মিথিলা। তিনি বলেন, রকস্টার এ আমার উপস্থিতি খুব বেশি সময় ছিল না। প্রায় ১৫ মিনিটের একটি চরিত্র। কিন্তু দর্শকের প্রতিক্রিয়া দেখে আমি সত্যিই অভিভূত। দর্শকেরা আমার এন্ট্রিতে হাততালি দিয়েছেন, উচ্ছাস প্রকাশ করেছেন, প্রথমবার দেশের সিনেমায় অভিনয় করে এমন ভালোবাসা পাওয়া আমার জন্য অনেক বড় প্রাপ্তি।
প্রশংসার পাশাপাশি কিছু তিক্ত অভিজ্ঞতার কথাও জানান মিথিলা। তার মতে, আমি বরাবরই নিজের কাজ নিয়ে ই ব্যস্ত থাকি। কাজই আমার ধ্যান জ্ঞান। কিন্তু এই সময়টাই এমন কিছু মানুষের রূপ দেখছি, আচরণের পরিবর্তন দেখছি, যা আমাকে অবাক করছে। সব থেকে কষ্টের বিষয় হলো এদের অনেকেই আমার সঙ্গে আড্ডা দেয়, বিভিন্ন জায়গায় বলে আমি তাদের কাছের মানুষ। সিনেমা মুক্তির পর তাদের কথাবার্তা ও আচরণে পরিবর্তন দেখছি । এসব অনুভূতি থেকে এই পোস্টটি লেখা। পরে আমার মনে হয়েছে এদের এত গুরুত্ব দেওয়াটা হয়তো ঠিক হয়নি। আমি বিশ্বাস করি, কাজ করে যেতে হবে। দিন শেষে মানুষের মনে বেঁচে থাকতে হলে কাজ দিয়েই বেঁচে থাকতে হয়।
রেম মডেল হিসেবে পরিচিত পাওয়া তানজিয়া জামান মিথিলা গত বছর’ মিস ইউনিভার্স বাংলাদেশ ‘ প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করে আলোচনায় আসেন। এর আগে বলিউডের ‘রোহিঙ্গা ‘ শিরোনামের একটি চলচ্চিত্রে ও অভিনয় করেছিলেন তিনি। তবে দেশের মূল ধারার বাণিজ্যিক সিনেমায় রকস্টারের মাধ্যমেই বড় পরিসরে দর্শকদের সামনে আসেন।
এদিকে রকস্টার দেশের শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তির পর এবার বিদেশেও মুক্তি পাচ্ছে। ছবিটি ঘিরে দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আর সিনেমাটির পর নতুন কয়েকটি কাজ নিয়েও আলোচনা চলছে মিথিলার। সবকিছু ঠিক থাকলে আগামী কয়েক মাসের মধ্যেই নতুন সিনেমার ঘোষণা আসতে পারে বলে জানা গেছে।












Leave a Reply